অ্যান্টন চেখভ

শোক গল্প | অ্যান্টন চেখভের ছোটগল্প সম্পূর্ণ পড়ুন

অ্যান্টন চেখভের ছোটগল্প ‘শোক’ সম্পূর্ণ বাংলায় পড়ুন। বরফঝড়ে হাসপাতালে মরণশীয়া স্ত্রীকে নিয়ে যাওয়া এক কুমারের করুণ পথচলা আর নীরব মানবতার গল্প।

গল্পের সারসংক্ষেপ

কুমারগ্রামের কারিগর গ্রিগোরি তাঁর মরণশীয়া স্ত্রী মারিয়োন্নাকে নিয়ে বরফঝড়ের মধ্যে হাসপাতালের দিকে ছুটে চলেন, অথচ ডাক্তার তাঁকে ফিরিয়ে দেন। অসহায় ও জমে-মরা অবস্থায় ঘোড়াটা থেমে যায় এবং তিনি বরফে জমে মারা যান। বহু বছর পর একই ডাক্তার ঘটনাটি বলতে গিয়ে কাঁদেন—মানব দুঃখকে চিকিৎসা নয়, সম্প্রদায় চায়।

শোক

সারা গালচিনো জেলায় কুমারগ্রামে গ্রিগোরি পেত্রভের নাম ওস্তাদ কারিগর হিসেবে যেমন, পাড় মাতাল ও পেঁয়োকার হতচ্ছাড়া বলেও তেমন। সেই গ্রিগোরি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চলেছে জেমস্তভো হাসপাতালে। ত্রিশ ভেরস্ট রাস্তা তাকে ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, আর রাস্তা ভয়াবহ, এমনকি ডাক হারকিরাও এই রাস্তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমসিম খেয়ে যায়, গ্রিগোরির কথা ছেড়েই দিন। হাড় কাঁপানো বাতাসের ঝাপটা তার মুখে এসে পড়ছে। তুষার ফাঁক দিয়ে চারদিকে ছেয়ে গেছে, তুষার আকাশ থেকে পড়ছে না, মাটি থেকে উঠে আসছে যেন। মাঠ, বন, টেলিগ্রাফের খুঁটি—কিছুই ঠাওর করা যাচ্ছে না। ঝাপটাটা যখন জোর হচ্ছে, গ্রিগোরি গাড়ির বাম্পারও দেখতে পাচ্ছে না। বুড়ো দুর্বল ঘোটকাটা ধাক্কাতে ধাক্কাতে হাঁপিয়ে চলেছে। গভীর বরফের মধ্যে বসে যাওয়া পা খানাকে টেনে তুলে একই সঙ্গে মাথাটাকে সামনের দিকে ঠেলে এগিয়ে দিতে তার যেন সব শক্তি ফুরিয়ে যাচ্ছে। গ্রিগোরির ভীষণ তাড়া। সে তার আসনে স্থির থাকতে পারছে না, থেকে থেকে লাফিয়ে উঠছে আর ঘোড়াটার পিঠে প্রায়ই চাবুক মারছে।

‘মান্রিয়োনা, কাঁদো না...’ সে বিড়বিড় করে বলছে। ‘একটুখান সহ্য কর। ভগবানের দয়ায় হাসপাতাল এই এসে গেল। এখুনি ওরা তোমায় দেখবে... পাভেল ইভানিচ কয়েক ফোঁটা ওষুধ দিয়ে দেবে কিংবা ওদের বলবে ছুঁচ দিয়ে রক্ত বার করে দিতে। হয়ত বা বলবে তোমার গা টা আচ্ছা করে স্পিরিট দিয়ে মালিশ করে দিতে। জানো তো, তাতে পাঁজরের ব্যথাটা কমে। পাভেল ইভানিচের সাধ্যে যা কুলোবে সবই করবে, ভেবো না। চিৎকার করে হাঁকাবে, তারপর কিছুই বাদ রাখবে না... লোকটা বড়ো ভালো, দয়ালু, ভগবান তার ভালো করুন... আমরা যেই পৌঁছোব, অমনি হাতদুটো ভাঁজ করে ভেতর থেকে বেরিয়ে এসেই খেঁকিয়ে উঠবে, “কী চাই, হ্যাঁ?” তারপর চেঁচাতে থাকবে! “আরেকটু আগে আসতে পারলে না? আমাকে কী মনে করিস? একটা কুত্তা? সারাদিন ধরে তোদের মতো ভূতদের বেগার খাটাব! সকালে আসিস কেন? যা, বেরো! কাল আসিস।” আমি তখন বলব, “ডাক্তারবাবু, পাভেল ইভানিচ! হুজুর, এই ব্যাটা, জলদি চল, জলদি...।”

সেই ঘোড়াটার পিঠে আবার চাবুক কষাল। স্ত্রীর দিকে না তাকিয়েই বিড়বিড় করে সমানে সে বকে চলল। ‘দেবতার দিব্যি, পবিত্র সন্তানের দিব্যি, ডাক্তারবাবু, সেই ভোরে আমি বাড়ি থেকে বেরিয়েছি, দেবতা যদি গোঁসা করে এমন বরফঝড় চালান, কী করে আমি ঠিক সময়ে পৌঁছোব, বলুন? আপনি নিজেই ভেবে দেখুন, ডাক্তারবাবু... তাগড়া ঘোড়াও এই ঝড় ঠেলে আসতে ক্লান্ত হয়ে পড়ত, আর চেয়ে দেখুন আমার ঘোড়ার কী হাল, এটাকে ঘোড়া বলতেও লজ্জা।’

কুমার অনর্গল বকে চলেছে। অস্বস্তিটাকে চাপবার জন্যে দম দেওয়া কলের মতো অনর্গল বকে চলেছে সে। মুখ যদিও থামছে না, তবুও তার মাথায় কিন্তু ভাবনা চিন্তার কমতি নেই। সে অপ্রত্যাশিতভাবে দারুণ শোক পেয়েছে, বিনা মেঘে বজ্রপাতের মতো। শোকে মুহ্যমান হয়ে বিহ্বল হয়ে পড়েছে সে। সামলে উঠতে পারেনি। পারোনি স্বাভাবিক অবস্থায় ফিরতে। এতদিন বিনা চিন্তাভাবনায় তার জীবন ভেসে চলছিল মাতলামির ঘোরের মধ্যে। আনন্দ বা দুঃখ কিছুই সে জানত না। হঠাৎ সে বুঝতে পারল তার বুকের মধ্যে দারুণ একটা যন্ত্রণা। ফুর্তিবাজ, নিকৃষ্ট, মাতালটা হঠাৎ উপলব্ধি করছে সে ভালোবাসে তার স্ত্রীকে।

তার মনে পড়ছে এই শোকের সূত্রপাত গত রাত থেকে। আগের দিন সন্ধ্যায় যথারীতি মাতাল অবস্থায় বাড়ি ফিরে এসে বহুকালের অভ্যাস অদ্ভুতভাবে তাকিয়ে যে ভাবে আগে কখনো তাকায়নি। সাধারণত তার মতো মারধোর, গালগালাজ করার পর দেখত স্ত্রী তার দিকে এমন চাউনি নিয়ে চায় আধমরা গরীবচারা কুকুরের মতো, যার বরাদ্দ শুধু বেদম মার আর সামান্য খাদ্য। কিন্তু তখন সে তাকিয়ে ছিল স্থির, কঠিন দৃষ্টিতে, সাধুদের বিগ্রহ বা মহৎ মানুষ যেমন চেয়ে থাকে। সেই চোখদুটো দেখার পর থেকে তার দুঃখের সূত্রপাত। ভ্যাবাচ্যাকা খেয়ে সে এক প্রতিবেশীর কাছ থেকে ঘোড়াটা চেয়ে এনেছে। এখন চলেছে স্ত্রীকে নিয়ে হাসপাতালে। আশা, ডাক্তার মলম আর ঔষধ দিয়ে বৃদ্ধার চোখের স্বাভাবিক দৃষ্টিটা ফিরিয়ে আনবে।

সে আবার বিড়বিড় করে বলতে লাগল, ‘মান্রিয়োনা, খেয়াল রেখো, পাভেল ইভানিচ যদি জিজ্ঞেস করে আমি তোমায় মেরেছি কি না, বোলো: না, হুজুর।’ কখনো আর তোমার গায়ে হাত তুলব না। পবিত্র সন্তানের নামে দিব্যি করছি, কখনো মারব না। তুমি তো মনে মনে জানো, মান্রিয়োনা, তোমায় মারব বলে মারতাম না। কিছু করার ছিল না বলেই মারতাম। তোমার ওপর সত্যি আমার টান আছে। অন্য কেউ হলে গ্রাহ্যই করত না। আমি বলছি, তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি... দেখছ তো, যা সাধ্যে কুলায় করছি। উঃ কী ঝড়! হা ভগবান, পথটা যেন না হারাই। মান্রিয়োনা, তোমার কোমরের ব্যথাটা এখন কেমন? কথা বলছ না কেন? কোমরে কি লেগেছে?’

কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃদ্ধার মুখের ওপর বরফটা গলছে না, মুখটা কেমন যেন লম্বাটে ধরনের হয়ে গেছে, রংটাও মোমের মতো বিবর্ণ ফ্যাকাশে। চেয়ে আছে ভারি কঠিন দৃষ্টিতে।

‘ওরে বুড়ি...’ কুমার বিড়বিড় করে বলল। ‘আমি কোথায় ভালোভাবে ডাক্তারের কাছে যাচ্ছি—বোঝো এবার?’

সে লাগাম আলগা দিয়ে বসে বসে ভাবতে লাগল। ঠিক পাচ্ছে না বৃদ্ধার দিকে ফিরে তাকাবে কি না। আসলে সে ভয় পেয়েছে। অনবরত ডাকা সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে সে বেশ ভয় পেয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সব সংশয় দূর করতে বৃদ্ধার দিকে না তাকিয়ে তার ঠাণ্ডা হাতটা সে ধরল। হাতটা ছেড়ে দিতে সেটা পড়ে গেল পাথরের মতো।

‘মারা গেছে তাহলে! হা কপাল!’

সে কাঁদতে লাগল। শোকের চেয়ে বিরক্তিটাই তার বেশি। ভাবল, জীবনে ঘটনাগুলো কী তাড়াতাড়িই না ঘটে। তার মনে শোক দানা বাঁধতে না বাঁধতেই সব শেষ হয়ে গেল। বৃদ্ধাকে নিয়ে সবে বাঁচতে শিখতে না শিখতেই, তাকে মনের কথা বলতে না বলতেই, দয়ামায়া দেখাতে না দেখাতেই সে মরে গেল... চল্লিশ বছর সে বৃদ্ধাকে নিয়ে কাটিয়েছে, এই চল্লিশটা বছর তো যেন কেটে গেছে কুয়াশার মধ্যে। মারধোর, মাতলামি, অভাব-অনটন—এসবের ভেতর দিয়ে কী করে যে দিন কেটে গেছে সে ঠাওর পায় না। যে মুহূর্তে বুঝতে পারল সে ভালোবাসে তার স্ত্রীকে, তাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তার ওপর কী অকথ্য অত্যাচার করেছে, সেই মুহূর্তেই বড়ো তাকে ছেড়ে গেল।

তার মনে পড়ছে কত কথা। দ্বারে দ্বারে সে ভিক্ষে করে বেড়াত। আম, আমিই তাকে পাঠাতাম, এক টুকরো রুটির জন্যে। হ্যাঁ, আমার পোড়াকপাল! বুড়ি হয়ত আরো বছর দশেক বাঁচত। এখন সে ভাবছে আমি সত্যিই এত বদ? কী কাণ্ড, আমি চলেছি কোথায়? এখন যে ওকে কবর দিতে হবে, ডাক্তারের দরকার নেই। হেই-হেই-হা-হা...

গাড়ির ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে সজোরে চাবুক চালাল। প্রতি ঘণ্টায় রাস্তার অবস্থা আরো সঙ্কটাপন্ন হয়ে উঠছে। গাড়ির বাম্পার এখন সে একেবারেই দেখতে পাচ্ছে না। ছোটো ঝোপঝাড়ের সঙ্গে মাঝে মাঝে ধাক্কা লেগে গাড়িটা থেকে থেকে লাফিয়ে উঠছে। কালো মতো কিসের সঙ্গে ঘষা লেগে তার হাতটা ছড়ে গেল। নিমেষের জন্যে সেটা যেন তার চোখের সামনে দিয়ে ভেসে গেল; আবার ধূ ধূ সাদা ঘূর্ণি। সাদা ঘূর্ণি ছাড়া আর কিছুই সে দেখতে পাচ্ছে না।

‘জীবনটা যদি গোড়া থেকে আবার শুরু করা যেত...’ কুমার ভাবল।

তার মনে পড়ল চল্লিশ বছর আগে মান্রিয়োনা ছিল লাস্যময়ী, সুন্দরী তরুণী, তার বাবার বাড়ির অবস্থা ছিল সচ্ছল। ওস্তাদ কারিগর বলেই তার সঙ্গে তারা তাদের মেয়ের বিয়ে দিয়েছিল। জীবনে সুখী হতে যা কিছু দরকার ছিল সবই তাদের ছিল, কিন্তু বিয়ের পরেই সে এসে উন্মাদের মতো হয়ে পড়ল, তারপর থেকে ভালো করে সে আর যেন জেগেই ওঠেনি। বিয়ের কথা তার মনে আছে, কিন্তু তারপর কী ঘটেছে কিছুতেই সে মনে করতে পারে না, শুধু মনে পড়ে মদ খেয়েছে, মারামারি করেছে আর বেহুশ হয়ে ঘুমিয়েছে। এই করেই তার চল্লিশটা বছর হেলায় কেটে গেছে।

তুষার ঘূর্ণির সাদা মেঘগুলো এবার আস্তে আস্তে হয়ে আসছে ধোঁয়াটে। সন্ধে হয়ে আসছে।

‘আরে, আমি চলেছি কোথায়?’ কুমার নিজেকে জিজ্ঞাসা করল। ‘ওকে যে কবর দিতে হবে, অথচ হাসপাতালের দিকে চলেছি... নির্ঘাৎ আমার মাথা খারাপ হয়েছে।’

আবার সে ঘোড়াটাকে ঘুরিয়ে কষে চাবুক মারল। ঘোড়াটা চিৎকারের মতো হ্রেষাধ্বনি ছেড়ে সমস্ত শক্তি নিয়ে দৌড়তে শুরু করল। বার বার কুমার তাকে চাবুক মেরে চলল... পিছনে কোথা থেকে যেন ঠক ঠক একটা শব্দ তার কানে এল, না তাকিয়েই সে বুঝতে পারল স্লেজের গায়ে লাশটার মাথাটা ঠুকছে। অন্ধকার ক্রমেই ঘন হয়ে আসছে, ঝড়ের বেগ যেমন বাড়ছে, বাতাসও তেমনি ঠাণ্ডা ও তীক্ষ্ণ হয়ে উঠছে।

‘নতুন করে আবার জীবন শুরু করতে পারলে...’ কুমার ভাবল, ‘নতুন সব যন্ত্রপাতি যোগাড় করতাম... নতুন কাজের ফরমাশও নিতাম... পয়সাকড়ি ওর হাতেই তুলে দিতাম... নিশ্চয়ই দিতাম।’

তারপর তার হাত থেকে লাগামটা খসে পড়ল। সেটাকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু হাতে তুলে নিতে পারল না। তার হাতদুটো অসাড় হয়ে গেছে।

‘কিছু পরোয়া নেই,’ সে ভাবল। ‘ঘোড়াটা নিজেই নিজেই যেতে পারবে, পথ চেনে। এখন একটু ঘুমিয়ে নিতে পারলে হত... কবর দেওয়ার আর শেষ প্রার্থনা করার আগে পর্যন্ত জেগিয়ে নিতে পারলে হত।’

কুমার চোখ বুজে ঝিমুতে লাগল। একটু পরে সে শুনল ঘোড়াটার দাঁড়িয়ে পড়ার শব্দ। চোখ মেলে সামনে দেখল কালো মতো কী যেন একটা—কুঁড়েঘর বা খড়ের গাদার মতো।

মনে মনে সে বুঝল এবার তার স্লেজ থেকে নেমে খোঁজখবর নিয়ে আসা উচিত কোথায় এসে হাজির হয়েছে। কিন্তু তার সারা অঙ্গ এমন অবসন্ন যে মনে হল একটুও নড়তে পারবে না, এমনকি জমে মরার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যেও না... নাহলে সে ঘুমোতে লাগল।

ঘুম ভাঙতে দেখল চুনকাম করা মস্ত একটা ঘরে সে শুয়ে রয়েছে। জানলা দিয়ে উজ্জ্বল রোদ ঘরে এসে পড়েছে। কুমার দেখতে পেল ঘরের মধ্যে লোকজন রয়েছে, সঙ্গে সঙ্গে তার মনে হল ওদের সামনে ভদ্রতা বজায় রাখা দরকার, মেজাজ ঠিক রাখা দরকার!

‘বুড়ির জন্যে শেষ প্রার্থনার ব্যবস্থাটা করা দরকার’ সে বলল।

তার কথায় বাধা দিয়ে কে যেন বলল, ‘ঠিক আছে, ঠিক আছে! তুমি এখন চুপ করে থাকো।’

‘আরে! এ যে পাভেল ইভানিচ...’ ডাক্তারকে হঠাৎ দেখতে পেয়ে কুমার অবাক বিস্ময়ে চিৎকার করে উঠল। ‘হুজুর! মা-বাপ...’

সে চেষ্টা করল বিছানা থেকে লাফিয়ে উঠে চিকিৎসকের পায়ে পড়তে, কিন্তু বুঝতে পারল তার হাত-পা অবশ হয়ে গেছে।

‘হুজুররা! আমার পা কোথায়? আমার হাত?’

‘তোমার হাত-পা জড়িয়ে গেছে... জমে গিয়ে অসাড় হয়ে গেছে!’ ‘আরে, আরে, কাঁদছ কীসের জন্যে? জীবনে কিছুই তো তোমার হারানোর নেই, সেই ভেবে ভগবানকে ধন্যবাদ দাও। ঘাট তো পার হয়ে গেছে, তাই না? তাহলে তোমার দিন তো কাটিয়েই দিয়েছ।’

‘হায় আমার কপাল! হুজুর, অপরাধ নেবেন না। আর ছ’টা বছর যদি বাঁচতে পারতাম...’

‘কিসের জন্যে?’

‘ঘোড়াটা আমার নয়, ওটাকে ফিরিয়ে দিতে হবে... আমার বুড়ীটাকে কবর দিতে হবে। জীবনে ঘটনাগুলো কী তাড়াতাড়িই না ঘটে! হুজুর! পাভেল ইভানিচ! আপনার জন্যে ঠিক তৈরি করে দেব—ফুটফুটে দাগওয়ালা সেরা বার্চ কাঠের সিগারেট কেস আর ক্লাবে খেলার পিয়ানো কীবোর্ডের মতো একটা সেট...’

ডাক্তার হাত দিয়ে ইশারা করে ঘর থেকে বেরিয়ে গেল। কুমারকে নিয়ে আর করার কিছু নেই!

Contact form